July 28, 2026, 12:44 pm
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর, গ্রেপ্তার সম্পাদক দ্রুত মুক্তির আশা

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর সম্পাদকসহ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া ভারপ্রাপ্ত সম্পাদক দ্রুত মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৯ জুন) প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে বলে প্রতিমন্ত্রী আশা করেন। একই সঙ্গে মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাব–এর নির্বাচিত কোষাধ্যক্ষ হওয়ায় এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের মধ্যে কোনো ধরনের ভুল–বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হওয়ার আহ্বান জানান তিনি। সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ারও অনুরোধ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের অপতথ্য প্রচার করা হচ্ছে। এ প্রেক্ষাপটে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ধরনের কোনো কর্মকাণ্ডে তাঁর অনুমোদন বা নির্দেশনা নেই বলেও উল্লেখ করা হয়।

প্রতিমন্ত্রীকে নিয়ে প্রচারিত বিভিন্ন তথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্যও সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত ১৫ জুন প্রতিমন্ত্রীকে নিয়ে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলা করেন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম। শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন–এর প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি শামস এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামসহ কয়েকজনকে আসামি করা হয়।

মামলার আবেদনে বলা হয়, গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট প্রচার করা হয়, যা বাদীপক্ষের দাবি অনুযায়ী বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে মামলার পর শুক্রবার গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে অগ্রযাত্রা প্রতিদিন–এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার এ ঘটনাকে কেন্দ্র করে বগুড়ার সাংবাদিক সমাজে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান এবং আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।