
শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইরান শেখ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৭ জুলাই) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন ইয়ারপুর মাদবর কান্দি এলাকায় মোসলেম মুন্সীর বাড়ির সামনের কাঁচা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ইরান শেখকে আটক করে তল্লাশি চালালে তার লুঙ্গির ডান পাশের পকেটে থাকা একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮৩ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৮ দশমিক ৩ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার ৯০০ টাকা।
গ্রেপ্তার ইরান শেখ ইয়ারপুর মাদবর কান্দি এলাকার মৃত মান্নান শেখের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আগে থেকেই ১২টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেওঅব্যাহত থাকবে।