July 28, 2026, 10:33 am
শিরোনাম :
পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৮৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশিয়ান সিটির নজরুলের বিরুদ্ধে নায়িকাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা ও চাপের অভিযোগ পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায় নিখোঁজ বিজ্ঞপ্তি শরীয়তপুরে নির্মাণাধীন সেতুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব-ঠিকাদারের শ্রমিকের মৃত্যু; অনিয়মের অভিযোগ জাজিরায় শিশু শ্লীলতাহানির অভিযোগে চালক গ্রেপ্তার, মামলা শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে শেখ ইয়াসিন, উপহার দিলেন নতুন পোশাক জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ কারবারি আটক পদ্মা সেতু দক্ষিণ থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায়

নিজস্ব প্রতিবেদক

 

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার যাকে দর্শকেরা চেনে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রে এবার পা রাখতে চলেছেন ঢাকাই চলচ্চিত্রে। কলকাতার ছোট ও বড় পর্দার চিরচেনা এই মুখকে দেখা যেতে পারে নির্মাতা মোহাম্মদ ইকবাল এর নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে।
‘কেয়ার করি না’, ‘বোঝে না সে বোঝে না’ কিংবা ‘চিনি’র মতো জনপ্রিয় কাজ দিয়ে দুই বাংলার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মধুমিতা। ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত ‘মেঘবালিকা’ নাটকে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশেও নিজের দক্ষতার প্রমাণ রেখেছিলেন। তবে বড় পর্দায় বাংলাদেশি সিনেমায় কাজের ব্যাপারে দীর্ঘদিন ধরেই বাতাসে গুঞ্জন ভাসলেও এবার তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘গুলশানের চামেলি’ রাজনৈতিক পটভূমি, ক্ষমতার অপব্যবহার এবং সমাজের অন্ধকার দিক নিয়ে নির্মিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা। গল্পের কেন্দ্রে রয়েছে একজন যৌনকর্মীর লড়াই, যিনি অপরাধ না করেও সমাজ ও ক্ষমতার নির্মম শিকার হন। ছবিটির বড় বিশেষত্ব হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকবে না; পুরো গল্পটিই আবর্তিত হবে একজন নারীকে কেন্দ্র করে।
সিনেমাটিতে মধুমিতা সরকারের অভিনয়ের বিষয়টি অনেকটা নিশ্চিত হলেও এখনই আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি পরিচালক মোহাম্মদ ইকবাল। তিনি জানান, কয়েক দিনের মধ্যেই জমকালো আনুষ্ঠানিকতার মাধ্যমে সবকিছু বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ২০২০ সালে প্রথম ‘গুলশানের চামেলি’ নির্মাণের ঘোষণা দেওয়া হলেও নানা কারণে তা পিছিয়ে যায়। এবার নতুন পরিকল্পনা ও ঢেলে সাজানো গল্প নিয়ে সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। এর আগে ‘পাসওয়ার্ড’, ‘শুটার’ ও ‘বীর’-এর মতো আলোচিত সিনেমা প্রযোজনা করা মোহাম্মদ ইকবাল সম্প্রতি ‘কিল হিম’ ও ‘ডেডবডি’র মতো সিনেমা পরিচালনা করেছেন। এবার ‘গুলশানের চামেলি’ দিয়ে তিনি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি গল্প নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছেন।