
শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ১৯ জুলাই রাত ১টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার নাওডোবা বাসস্ট্যান্ড সংলগ্ন সার্ভিস রোডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নাওডোবা এলাকার মো. শামীম মোল্লা ২০ এবং কনকতলী এলাকার মো. হায়দার কবির (দিদার) ২৮। তাদের প্রত্যেকের কাছ থেকে ২৫ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ।
এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম মিয়া বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।