
শরীয়তপুরে সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক (পাঞ্জাবি) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়ায় সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের কার্যালয়ে ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন পাঞ্জাবি তুলে দেন তিনি। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্বনাথ রায়, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন শেখ মোহাম্মদ ইয়াসিন।
এ সময় শেখ মোহাম্মদ ইয়াসিন বলেন, সমাজের প্রতিটি মানুষ সমান মর্যাদা ও ভালোবাসা পাওয়ার অধিকার রাখে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরাও সমাজেরই অংশ। তাদের মুখে হাসি ফোটানো এবং পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্বনাথ রায় বলেন, এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের প্রতি শেখ মোহাম্মদ ইয়াসিনের আন্তরিকতা ও মানবিকতা সত্যিই অনুকরণীয়। তাঁর এই মহৎ উদ্যোগের জন্য প্রতিষ্ঠান পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপহার পেয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, নতুন পোশাক পেয়ে তারা খুবই খুশি। তাদের কথা ভেবে উপহার দেওয়ায় শেখ ইয়াসিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা। পাশাপাশি তাদের সঙ্গে সময় কাটানো ও একসঙ্গে খাবার খাওয়ায় বিশেষ আনন্দের অনুভূতির কথাও জানায়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। শেখ মোহাম্মদ ইয়াসিনের এ মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও এমন সামাজিক উদ্যোগে এগিয়ে আসতে উৎসাহিত করবে।