
শরীয়তপুরের জাজিরায় ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৪ জুন বিকেলে জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা নমকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানা পুলিশের একটি চৌকস দল জাজিরা পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ বাইকশা নমকান্দি গ্রামের নড়িয়ার রফিকের পরিত্যক্ত বাড়ির নিচ তলার একটি খোলা রুমে অভিযান চালায় জাজিরা থানা পুলিশ। বিকেল সাড়ে ৪টা দিকে মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তির হেফাজত থেকে মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কাদির ফকির, মো: শরীফ ফকির, রতন মুন্সি এবং মো: মিলন শেখ। তারা সবাই জাজিরা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
জাজিরা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জাজিরা থানায় একটি মামলা দায়েরের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।