বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আব্দুর রহিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজধানীর জিয়া উদ্যান এলাকায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের সঙ্গে কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর উত্তপ্ত বাকবিতণ্ডা হচ্ছে। ভিডিওতে নিরাপত্তা সদস্যদের উদ্দেশ করে উত্তেজিত আচরণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। একপর্যায়ে কয়েকজনকে নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে যেতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা,সমালোচনার সৃষ্টি হয়। বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও ঘটনাটিকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানান।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রহিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিদায়ের সময় ধাক্কাধাক্কির এক পর্যায়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তিনি দাবি করেন, কাউকে গালিগালাজ করা হয়নি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সবসময় সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করায় বিষয়টি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।