

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন ও পালের চর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান জোরদার, ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সাম্প্রতিক সময়ে আয়োজিত এসব উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহম্মদ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে ওসি মো. সালেহ আহম্মদ বলেন, মাদক সমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি আরও বলেন, ইভটিজিং ও কিশোর অপরাধ বর্তমানে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে পরিবার ও অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত জরুরি। সন্তানদের চলাফেরা, কর্মকাণ্ড ও সামাজিক আচরণের প্রতি নজর রাখার পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওসি বলেন, এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা নবাগত ওসির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের এমন জনসচেতনতামূলক কার্যক্রম জাজিরা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখবে।