

শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের পৃথক অভিযানে ৮ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পাঁচজনকে আটক করা হয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২ জুলাই) পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল)-এর তত্ত্বাবধানে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে কিলো-৮ টহল দল পশ্চিম নাওডোবা বাসস্ট্যান্ডের সার্ভিস রোডে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় রাহুল আহমেদ ওরফে রুহুল আমিন (৪০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একই দিন সন্ধ্যায় পশ্চিম নাওডোবা বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি অভিযানে পাঁচজনকে আটক করা হয়। পুলিশ জানায়, তারা সেখানে কাজ করার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় তাদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করে আদালতে পাঠানো হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।