শরীয়তপুরের জাজিরা থানায় দায়ের করা অপহরণ ও ধর্ষণ মামলার এক তরুণীকে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
জাজিরা থানা পুলিশ জানায়, উপজেলার জাজিরা পৌরসভার আউল মাহমুদ মুন্সী কান্দি এলাকার এক তরুণীকে অপহরণের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তরুণীর অবস্থান শনাক্ত করে ঢাকার বংশাল এলাকায় অভিযান চালায় পুলিশ।
বংশাল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত ওই অভিযানে তরুণীকে উদ্ধার করা হয়। একই সময় মামলার প্রধান আসামি ইমদাদ মল্লিককে গ্রেপ্তার করা হয়। তিনি জাজিরা উপজেলার ডুবিসাবার (কোড়িয়াহাট) এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া তরুণীকে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহমেদ বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীকে উদ্ধার এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে জাজিরা থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।