
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে “শহীদ জিয়াউর রহমান স্মৃতি মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ”।
আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় জাজিরা সরকারি মোহর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঈদ পুনর্মিলনকে আরও প্রাণবন্ত করে তোলা এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
খেলায় মুখোমুখি হবে কুমিল্লার গৌড়িপুর ভোরের সাথী দল ও জাজিরা সোনালী অতিথি ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মো. সাইদ আহমেদ আসলাম। খেলার উদ্বোধন করবেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু।
এতে সভাপতিত্ব করবেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিদুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মো. বজলুর রশিদ শিকদার, সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম টিটু আকন, জাজিরা পৌর বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এ কে এম কামরুজ্জামান মিলন।
খেলার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহমেদ।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করবে।