

শরীয়তপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৫০ কোটি টাকা ব্যয়ের বৃহৎ সেতু নির্মাণ প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জয়নগর ইউপি অফিস–ফজল দেওয়ান হাট সড়কের নির্মাণাধীন ২৭০ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ প্রকল্প এলাকায় এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত শ্রমিকের বাড়ি রংপুরে। তিনি মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স হামিম ইন্টারন্যাশনাল’-এর হয়ে কাজ করা এক সাব-ঠিকাদারের অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজ করার সময় ব্রিজের রডের সাথে জোড়াতালি দেওয়া অরক্ষিত তার দিয়ে কাজ চালাচ্ছিল ঠিকাদার প্রতিষ্ঠান। শুক্রবার সকালে ব্রিজের কাজ করার সময় অসাবধানতাবশত রড ও ঝুঁকিপূর্ণ তারের সংস্পর্শে এলে ওই শ্রমিক মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত কোটি টাকার সরকারি প্রকল্পে কাজের ক্ষেত্রে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা (Safety Equipment) ছিল না। মূল ঠিকাদার ও সাব-ঠিকাদারের চরম অবহেলা এবং ঝুঁকিপূর্ণ জোড়াতালি তার ব্যবহারের কারণেই এই তাজা প্রাণটি অকালে ঝরে গেল।
দুর্ঘটনার পর প্রকল্প এলাকায় কাজ বন্ধ রয়েছে। এলজিইডি শরীয়তপুর সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।