

দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর শরীয়তপুরের জাজিরা উপজেলার চর খাগুটিয়া এলাকায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ড্রেজিং কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) চর খাগুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধ ড্রেজিং কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে ড্রেজিং চলছিল। বিষয়টি নিয়ে তাঁরা বিভিন্ন সময় প্রশাসনের কাছে অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সাম্প্রতিক অভিযানে তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।
তবে স্থানীয়দের দাবি, একটি অভিযান দিয়ে অবৈধ ড্রেজিং পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি নিশ্চিত করা হলে উপজেলার অন্যান্য এলাকাতেও চলমান অবৈধ ড্রেজিং কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অবৈধ ড্রেজিংয়ের দায়ে একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ ও নদীর ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।